চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৭ জুন ২০২৪ ১৯:৩৮ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৪ ২০:০৭ পিএম
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে একই স্থানে উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের আনন্দ মিছিল ও আলোচনা সভাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। শুক্রবার (৭ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার সেন্টার এলাকার এ ঘটনা ঘটে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ বলেন, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহতদের উদ্ধার করে মেডিকেলে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী ও বরুমছড়ার সাবেক ইউপি চেয়ারম্যানসহ অন্তত ১৫ জন। এদের মধ্যে অধ্যাপক এমএ মান্নান চৌধুরীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আনোয়ারা উপজেলায় বেশ কিছু দিন ধরেই স্থানীয় সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খানের সমর্থকদের মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব চলছিল। সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অভিযোগ তুলে ওয়াসিকাকে কেন্দ্র করে সংগঠতি হচ্ছেন তৃণমূল আওয়ামী লীগের বঞ্চিত নেতাকর্মীরা। এমন পরিস্থিতিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষ সমাবেশ-পাল্টা সমাবেশ করছিল। এবার প্রথমবারের মতো মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।