পাবনা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৪ ১৭:৩৫ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৪ ১৯:৫৯ পিএম
শুক্রবার সকালে ভোক্তার অভিযানে বিপুল পরিমাণে নকল জুস জব্দ করে ধ্বংস করা হয়। প্রবা ফটো
পাবনা সদর উপজেলার গয়েশপুরে কোনো প্রকার অনুমোদন ছাড়াই তৈরি করা হতো প্রাণ কোম্পানির আদলে নকল জুস।এমন একটি কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের পাবনা জেলা কার্যালয়। এতে ওই কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা ও কারখানার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (৭ জুন) সকালে উপজেলার গয়েশপুর ইউনিয়নের রহিমপুর এলাকার তানজিলা ফুড অ্যান্ড বেভারেজ নামে একটি অবৈধ কোম্পানির কারখানায় এই অভিযান চালান জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের পাবনার সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তানজিলা ফুড অ্যান্ড বেভারেজ নামের একটি কোম্পানির কারখানায় অভিযান চালানো হয়। সেখানে কোনো কাগজপত্র ছাড়াই প্রাণ কোম্পানির জুসের আদলে একটি নকল জুস তৈরি করা হচ্ছিল। এ সময় বিপুল পরিমাণে নকল জুস পণ্য জব্দ করে ধ্বংস করা হয় এবং ওই কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে এমন কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছি, ফের যদি তিনি এ রকম ব্যবস্থাপনায় জুস তৈরি করেন, তাহলে পরবর্তীতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।