কুড়িগ্রাম প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৪ ১৯:৫৮ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৪ ২১:২০ পিএম
ব্যাংকে বন্ধক রাখা সম্পত্তি জালিয়াতি ও তথ্য গোপন করে বিক্রি করায় কুড়িগ্রামের দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (৬ জুন) কুড়িগ্রাম সদর থানায় তিনি এ অভিযোগ করেন। এজাহারে উল্লেখ করা আসামিরা হচ্ছেন খলিলগঞ্জের কালে গ্রামের আরিফুল হোসেন ও তার বাবা গোলজার হোসেন।
এজাহারে বাদী উল্লেখ করেন, ২০২১ সালের ৩১ মে তিনি কুড়িগ্রাম সদরের প্রতাপ মৌজায় সাফ কবলা দলিল মূলে ২৮২ শতক ও এক বছরের ১৭ আগস্ট হিঙ্গনরায় মৌজায় ৬ শতক মোট ২৮৮ শতক জমি ক্রয় করেন। আরিফুল হোসেন ও গোলজার হোসেন রূপালী ব্যাংক কুড়িগ্রাম করপোরেট শাখায় জমিটি বন্ধক রেখে ঋণ নেওয়ার তথ্য গোপন করে ওই জমি পনির উদ্দিন গংয়ের অনুকূলে সাফ কবলা দলিল করে দেয়। গত ১২ মে একটি জাতীয় দৈনিকে রূপালী ব্যাংক পিএলসি, কুড়িগ্রাম করপোরেট শাখা ওই বন্ধকী সম্পত্তি বিক্রয়ের নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ওই বিজ্ঞপ্তিতে পনির উদ্দিন গংয়ের কাছে বিক্রি করা দুটি জমিসহ মোট ৫টি তফশিলি সম্পত্তি নিলামের দরপত্র আহ্বান করা হয়। আসামিরা সম্পূর্ণ জেনে-বুঝে, প্রতারণা, জালিয়াতি ও তথ্য গোপন করে ব্যাংকে বন্ধকী সম্পত্তি বিক্রি করায় ক্রেতা হিসেবে তারা বড় ধরনের প্রতারণা ও আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
এজাহারে বাদী আরও উল্লেখ করেন, জমিসংক্রান্ত বিরোধের কারণে জমির মালিকগণের সঙ্গে স্থানীয়দের মারামারিসহ আইনশৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় বিবাদীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে তথ্য গোপন করে সম্পত্তি বিক্রির বিষয়টি সুরাহা না করা পর্যন্ত নিলাম কার্যক্রম স্থগিত রাখার আবেদন করেন।
এ বিষয়ে জানতে চাইল কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান অভিযোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, পনির উদ্দিন আহমেদ একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।