পাবনা সংবাদদাতা
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২২ ২৩:২১ পিএম
পাবনায় চরমপন্থী সংগঠন সর্বহারা পার্টির পাঁচ সদস্যকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- চাটমোহরের কদমতলীর সাইফুর ইসলাম ওরফে শুটার সিরাজ, আটঘরিয়ার নগরচাচকিয়া উত্তরপাড়ার একরাম হোসেন, আমিনপুর থানার চর দুর্গাপুরের শরিফুল ইসলাম, আতাইকুলার সাদুল্লাহপুরের ফারাদপুর নতুনপাড়ার নাহিদুল ইসলাম শাকিল ও রাজবাড়ীর চরভরাটের জালাল প্রামাণিক।
রোববার (১৩ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ নভেম্বর) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পাবনা জেলা পুলিশ সুপার আকবর আলী মুনসী।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রোকনুজ্জামান সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, আটকের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি কার্তুজ, একটি ওয়ান শুটার গান, একটি বিদেশি এসএমসি, এসএমসির ম্যাগাজিন, এসএমসির ১৫টি গুলি, একটি শর্টগান ও ৩২টি কার্তুজ জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা সম্প্রতি আটঘরিয়ার একদন্ত এলাকায় সর্বহারা নেতা মুসা হত্যায় জড়িত বলেও জানায় পুলিশ। তাদের অবস্থানের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেয়ে আতাইকুলার ফারাদপুর নতুন পাড়ায় নাহিদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।