বগুড়া অফিস
প্রকাশ : ০৫ জুন ২০২৪ ১৭:১২ পিএম
আপডেট : ০৫ জুন ২০২৪ ১৭:৪৯ পিএম
প্রতীকী ছবি
বগুড়ার দুপচাঁচিয়ায় ফ্যান দিয়ে ধান পরিষ্কারের সময় হাত বিচ্ছিন্ন হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার (৫ জুন) দুপুর ১২টার দিকে দুপচাঁচিয়ার গুনাহার ইউনিয়নের পালোপুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রওশন আরা ওই এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল থেকে ফ্যান দিয়ে ধান পরিষ্কারের কাজ করছিলেন রওশন আরা। দুপুর ১২টার দিকে অসাবধানতাবশত কুলা দিয়ে ধান উড়িয়ে পরিষ্কারের সময় ফ্যানে হাত চলে যায় তার। এতে ঘটনাস্থলেই তার বাঁ হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।