উপজেলা নির্বাচন
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ জুন ২০২৪ ১৬:৫২ পিএম
আপডেট : ০৫ জুন ২০২৪ ২০:১১ পিএম
প্রতীকী ছবি
জাল ভোট দেওয়া ও চেষ্টার অভিযোগে ময়মনসিংহ ও ফেনীতে দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৫ জুন) দুপুরের দিকে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় কানারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে কাইয়ুম নামে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কুমার সাহা বিয়য়টি নিশ্চিত করেছেন।
একই দিন দুপুর ২টার দিকে ফেনীর ছাগলনাইয়া উপজেলায় অগ্রণী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টা করার অভিযোগে সাকিবুল আলম অপূর্ব নামের আর এক যুবককে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম পুষ্প পুদম চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম জানান, অভিযুক্ত সাকিবুল আলম অপূর্বর কথাবার্তায় অসঙ্গতি থাকায় তাকে আটক করা হয়। পরে তাৎক্ষণিক আদালত বসিয়ে জাল ভোট দেওয়ার চেষ্টার দায়ে তাকে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়।