বগুড়া অফিস
প্রকাশ : ০৫ জুন ২০২৪ ১১:৫৩ এএম
আপডেট : ০৫ জুন ২০২৪ ১৪:৫৮ পিএম
বুধবার সকাল ৮টা থেকে চলছে বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ। প্রবা ফটো
বগুড়ার তিন উপজেলায় ভোটগ্রহণ চলছে। বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত প্রতিটি কেন্দ্রে ভোটারের ব্যাপক উপস্থিতি দেখা যায়। তিন উপজেলার মধ্যে ধুনটে ৯, নন্দীগ্রামে ৮ ও শেরপুরে ৫ শতাংশ ভোট পড়েছে।
রিটার্নিং কর্মকর্তা ও জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট পি এম ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়ছে। অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। তিন উপজেলায় ৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় একজন করে নির্বাহী এবং প্রতি উপজেলায় একজন করে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এ ছাড়া প্রতি কেন্দ্রে পুলিশ, আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। র্যাব, সাদা পোশাকে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।
তিন উপজেলার নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান ১২, ভাইস চেয়ারম্যান ১৩ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ১১ জন।