বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুন ২০২৪ ২২:৫৮ পিএম
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের মূল গেটে তালা দিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। প্রবা ফটো
দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (৪ জুন) সকাল ১০ টার দিকে বিভিন্ন দাবিতে ভবনের মূল ফটকে তালা দেন তারা।
এতে ভবনের ভেতরে আটকে পড়েন উপাচার্য, প্রক্টরসহ অন্যান্য শিক্ষক কর্মকর্তাবৃন্দ। পরে প্রশাসনের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তালা খুলে দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, সেশনজট, ক্রেডিট ফি কমানো, সব আবাসিক হলে ডাইনিং চালু, একাডেমিক কাউন্সিলে শিক্ষার্থীদের প্রতিনিধি রাখাসহ বিভিন্ন দাবি আদায় না হওয়ায় আন্দোলন করছেন তারা। দীর্ঘদিন থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এসব দাবি জানিয়ে আসলেও আমলে নিচ্ছিলেন না। তাই বাধ্য হয়ে তালা ঝুলিয়েছেন। এ সময় সেখানে অবস্থান বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। পরে সেখানে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী উপস্থিত হয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন আকাশ বলেন, ‘সাধারণ শিক্ষার্থীরা দীর্ঘদিনের চাওয়াপাওয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়ে আসছিলো। প্রশাসন তা কর্ণপাত না করায় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। পরে সেখানে আমরা প্রেসিডেন্ট-সেক্রেটারি উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে দাবিগুলো বাস্তবায়নে কাজ করবো।’
বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে কতিপয় শিক্ষার্থী প্রশাসনিক ভবনে তালা লাগিয়েছে। বিষয়টি জানতে পেরে সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলি। কিছুক্ষণ পরে তারা তালা খুলে দেয়।’