নরসিংদী প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুন ২০২৪ ২১:২৮ পিএম
আপডেট : ০৪ জুন ২০২৪ ২২:১০ পিএম
নরসিংদীতে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ছুড়ছেন এক যুবক। ছবি : ভিডিও থেকে নেওয়া
নরসিংদীতে দাবি করা ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মুহিদ মোল্লা নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মঙ্গলবার (৪ জুন) সদর থানায় মুহিদ মোল্লা বাদী হয়ে রবিউল ইসলাম ভূঁইয়া রবিকে প্রধান ও দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও তিন-চারজনকে আসামি করে মামলা করেন।
এর আগে সোমবার বিকালে শহরের জেলখানা মোড়ে মেসার্স মোল্লা ট্রেডার্সের সামনে এই গুলির ঘটনা ঘটে।
প্রকাশ্যে গুলি করা ব্যক্তির নাম রবিউল ইসলাম রবি। তিনি মালিক মুহিদ মোল্লাকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়েন। রবির ছোড়া পরপর তিনটি গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় মৃত্যুর হাত থেকে বেঁচে যান মুহিদ। এ ঘটনায় ভাইরাল হওয়া ২ মিনিট ১৬ সেকেন্ডের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
অভিযুক্ত রবি সদর উপজেলার চিনিশপুরের জেলখানা মোড় এলাকার বাসিন্দা। অপরদিকে ব্যবসায়ী মুহিদ মোল্লা নরসিংদীর বিলাসদী এলাকার ওয়াহাব মোল্লার ছেলে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, সর্বাধিক ব্যস্ততম এলাকা জেলখানা মোড়স্থ মেসার্স মোল্লা ট্রেডার্স নামের ওই স্টিলের দোকানের সামনে লাল টি-শার্ট পরা দুই যুবকসহ আশপাশে অর্ধশতাধিক মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবং দোকানের ভেতরেও কিছু লোক। তাদের মধ্যে কথা-কাটাকাটি হচ্ছে। কথা-কাটাকাটির একপর্যায়ে যুবকদের একজন পিস্তল বের করে দোকানটির ভেতরে থাকা দোকানের মালিক মুহিদকে লক্ষ্য করে একটি গুলি করে। অপর যুবক তাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে আবারও সে দোকানে গুলি ছোড়ে। এরপর তাকে একজন সরিয়ে কিছু দূরে পাঠানোর পর সে আবার ফিরে এসে দোকানের ভেতর আরেকটি গুলি করে। তার ছোড়া প্রত্যেকটি গুলিই লক্ষ্যভ্রষ্ট হয়। এ ঘটনাকে কেন্দ্র করে প্রত্যক্ষদর্শী, ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অভিযোগের বিবরণে জানা যায়, রবিউল তিন-চারজনকে সঙ্গে নিয়ে ঘটনার আগে মুহিদের ব্যবসাপ্রতিষ্ঠানে কথা বলতে আসেন। এ সময় তার সঙ্গে রবিউলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে দোকান থেকে বের হয়ে যান রবিউল। বাইরে বের হয়েই সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র বের করে রবিউল তাকে পরপর তিনটি গুলি করেন। প্রাণ রক্ষার্থে মুহিদ বারবার সরে গেলে তার উদ্দেশে করা প্রত্যেকটি গুলিই দোকানের বিভিন্ন জায়গায় লাগে। এ ঘটনার পর পরিবারের সদস্য ও নিজে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করেন মুহিদ মোল্লা।
মেসার্স মোল্লা ট্রেডার্সের পরিচালক মুহিদ মোল্লা জানান, চিনিশপুর ইউনিয়নের কামাল ভূঁইয়ার ছেলে রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি-ধমকি দিয়ে আসছিল। চাঁদার টাকা না দেওয়ায় সোমবার বিকালে আমার ব্যবসাপ্রতিষ্ঠানে এসে আমাকে লক্ষ্য করে একের পর এক তিন রাউন্ড গুলি চালায়। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য বেঁচে যাই। আমি এ ঘটনার বিচার চাই।
প্রত্যক্ষদর্শী মুহিদ মোল্লার বড় ভাই মোহাম্মদ আলী বাবু বলেন, ‘আমার ভাইকে মেরে ফেলার উদ্দেশ্যে গুলি করে রবিউল। প্রায় সময়ই রবিউল আমাদের দোকানে গিয়ে বিভিন্ন অজুহাতে চাঁদা দাবি করত। হঠাৎই সে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে বসে। মুহিদ রবিউলের বিরুদ্ধে থানায় গিয়ে লিখিত অভিযোগ দিয়েছে। ছাত্রদল নেতা সাদেক ও আশরাফুল হত্যা মামলার ৮ নম্বর আসামি রবিউল।’
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘জেলখানার মোড়ে একটি দোকানে গুলি করার সিসি ক্যামেরার ফুটেজ দেখেছি। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’