বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২২ ২০:৩৬ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২২ ২১:১৪ পিএম
বগুড়া জেলা ছাত্রলীগের পদবঞ্চিতদের বিক্ষোভ। ছবি : প্রবা
সদ্য ঘোষিত বগুড়া জেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে ফের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে পদবঞ্চিত নেতা-কর্মীরা। মিছিল শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে তারা সমাবেশ করেন।
সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে অযোগ্য এবং কমিটি বাতিলের দাবিতে স্লোগান দেন নেতা-কর্মীরা।
সমাবেশে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ওবাইদুল্লাহ সরকার স্বপনের সভাপতিত্বে পৌর ছাত্রলীগের সভাপতি সুজিত কুমার দাস, ধুনট উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জুসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
কমিটি বাতিলের দাবিতে আন্দোলনরত যুগ্ম সাধারণ সম্পাদকের পদ পাওয়া মাহফুজ ইসলাম জানান, অযোগ্য এই কমিটি বাতিল না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
এর আগে গত ৭ নভেম্বর রাতে জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সজীব সাহাকে সভাপতি এবং আল-মাহিদুল ইসলাম জয়কে সাধারণ সম্পাদক করা হয়। এতে কমিটির পদপ্রত্যাশী ও তাদের সমর্থকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।
ঘোষিত ওই কমিটিকে একপেশে এবং অবৈধ উল্লেখ করে তা বাতিলের দাবিতে ওই রাত সাড়ে ৯টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধরা। পরদিন সকাল থেকে তারা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ দিন তারা জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা করেন।
৯ নভেম্বর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে দেওয়া তালা খুলতে আন্দোলনরত ছাত্রলীগ নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়। কিন্তু তারা তাতে সাড়া দেননি। এ পরিস্থিতিতে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা পরদিন ১০ নভেম্বর সকালে বৈঠক করে আন্দোলনরত ছাত্রলীগ নেতা-কর্মীদের কীভাবে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনে ফেরানো যায় তা নিয়ে আলোচনা করেন।
বৈঠক শেষে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনসহ কয়েকজন নেতা দুপুর ২টার দিকে দলীয় কার্যালয়ের সামনে যান। তারা ছাত্রলীগের নতুন কমিটিকে অবৈধ বলে স্বীকার করে নেন। কমিটি বাতিলের জন্য তাদেরকে দলীয় কার্যালয়ের তালা খুলে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। তার ওই পরামর্শের পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীরা তালাটি খুলে দেয়। তবে ওইদিন রাত সোয়া ৯টার দিকে ফের আওয়ামী লীগের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
শুক্রবার নতুন কমিটি শহরে শোভাযাত্রা শেষে মুজিব মঞ্চে সমাবেশ করে। আন্দোলনকারীরা দলীয় কার্যালয়ের সামনে তাদের আন্দোলন চালিয়ে যান। সবশেষে দুইদিন আন্দোলন স্থগিত রাখার পর ফের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু করেছেন পদবঞ্চিত নেতা-কর্মীরা।