টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৪ ১৮:৫৭ পিএম
আপডেট : ০৩ জুন ২০২৪ ১৯:৩৬ পিএম
সোমবার ধানক্ষেত থেকে বস্তাবন্দি মরদেহের মাথার খুলি এবং টুকরো টুকরো অংশ উদ্ধার করে ভূঞাপুর থানা পুলিশ। প্রবা ফটো
টাঙ্গাইলে ধানক্ষেত থেকে বস্তাবন্দি মরদেহের মাথার খুলি এবং টুকরো টুকরো অংশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ জুন) দুপুরে ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মরদেহটি ৯ দিন আগে (২৬ মে) নিখোঁজ হওয়া ওই এলাকার সুমন মিয়ার ১০ বছরের মেয়ে নওশীন ইসলাম শর্মিলার বলে ধারণা করছে পরিবার। তবে পুলিশ বলছে মাথার খুলির ডিএনএ পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।
স্থানীয়রা জানান, বস্তাবন্দি মরদেহ টানাটানি করে মাথার খুলি বের করে কিছু কুকুর। এ সময় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে মাংসের টুকরো। দুর্গন্ধ ছড়াচ্ছিল চারদিকে। পরে পুলিশে খবর দেয় তারা। পুলিশ এসে বস্তায় থাকা মরদেহের অংশসহ ছড়িয়ে থাকা টুকরোগুলো উদ্ধার করে। তাদের ধারণা দুর্বৃত্তরা হত্যার পর মরদেহ গুম করার জন্য বস্তাবন্দি করেছিল।
শর্মিলার চাচা কাইয়ুম মিয়া জানান, সোমবার সকালে বাড়ির পাশের ধান ক্ষেতে কিছু কুকুর একটি বস্তা টানাটানি করে মানুষের মাথার খুলি বের করে। দেহের হাড়ও ছিল খণ্ড খণ্ড। মরদেহ দেখে চেনার উপায় নেই। এটি শর্মিলার মরদেহ কি না আমরা এখনও নিশ্চিত না। তবে, তার পড়নের লাল পায়জামার অংশ দেখে ধারণা করা হচ্ছে, এটিই শর্মিলার মরদেহ হতে পারে।
শর্মিলার বাবা সুমন মিয়া জানান, গত ২৬ মে মাদ্রাসা থেকে বাড়ি ফিরে খেলতে গিয়ে নিখোঁজ হয় শর্মিলা। পরে আর খোঁজ পাওয়া যায়নি তার। থানায় জিডিও করা হয়। আজ যেখানে খুলি পাওয়া গেছে ওই জায়গা দিয়ে কয়েকবার খোঁজাখুঁজি করা হয়েছে। কোনো কিছু পাওয়া যায়নি। আজ সকালে কুকুরে মাথার খুলি টানাটানি করছিল। পরে লোকজনের খবর শুনে এখানে আসি। বস্তা থেকে যে জামা পাওয়া গেছে সেটি নিখোঁজের সময় সেটি তার মেয়ের পরনে ছিল।
এ ঘটনায় ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ্ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া হয় এবং জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ছাড়া ফরেনসিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন অংশ সংগ্রহ করেছে।
তিনি বলেন, মাথার খুলির ডিএনএ পরীক্ষা করা হবে। পরে জানা যাবে মাথার খুলিটি নিখোঁজ শিশু শর্মিলার কি না। এ নিয়ে আমাদের তদন্ত চলছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, দ্রুতই এর রহস্য উদঘাটন করা হবে।