দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৪ ২৩:২৭ পিএম
‘আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমি আপনাদের আশা পূরণ করব। আমার প্রত্যেকটা কাজ, ব্যতিব্যস্ততা আপনাদের ঘিরে। আপনাদের দুঃখকষ্ট দূর করার জন্য সরকার কাজ করে যাচ্ছে।’
রবিবার (২ জুন) নেত্রকোণার দুর্গাপুরে দুটি উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন নেত্রকোণা-১ আসনের এমপি মোশতাক আহমেদ রুহী।
ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি গাওকান্দিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে স্থানীয় ঝানজাইল বাজার-শংকরপুর বাজার সড়ক উন্নয়ন ও কৃষ্টপুরের ভাদুয়া বাজার-মুন্সিপাড়া সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় তিনি এলাকার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, দুর্গাপুর-কলমাকান্দার উন্নয়নে বর্তমান সংসদ সদস্য যেভাবে কাজ করে যাচ্ছেন তা সত্যিই প্রশংসনীয়। বিগত এক দশকে গাওকান্দিয়া ইউনিয়নে উন্নয়ন কর্মকাণ্ড স্থবির থাকলেও তিনি নির্বাচিত হওয়ার পর এলাকায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। আমরা ইউনিয়নবাসী আজ আনন্দিত।
এ সময় দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদুল হক খান, সাইফুল ইসলাম, অলিউল্লাহ, তোফায়েল আহমেদ লিজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।