বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৪ ২৩:০৪ পিএম
আপডেট : ০২ জুন ২০২৪ ২৩:২৩ পিএম
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষ চার গুণিজনকে নজরুল পদক-২০২৪ প্রদান করেছে ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। রবিবার (২ জুন) সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এ পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গবেষণায় ড. গুলশান আরা কাজী ও অনুপম হায়াৎ এবং সংগীতে ডালিয়া নওশিন ও সালাউদ্দিন আহমেদ পদক পেয়েছেন। অনুষ্ঠানে পদক তুলে দেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। ড. গুলশান আরা কাজী দেশের বাইরে থাকায় তার পক্ষে পদক গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ‘নজরুল বিশ্ববিদ্যালয় আজ যাদেরকে পদক দিয়েছে তাদের সকলকেই অভিনন্দন। আপনারা নজরুল সংগীতচর্চা ও প্রিয় কবির অবদানকে তরুণ প্রজন্মের কাছে বিশ্বময় তুলে ধরছেন, আজকের পদক তারই স্বীকৃতি। নজরুল বিশ্ববিদ্যালয় যে আপনাদের খুঁজে খুঁজে পুরস্কৃত করছে, এটা বড় একটা বিষয়।’
কবি নজরুল প্রসঙ্গে তিনি বলেন, ‘নজরুল আমাদের কাছে বিস্ময়। নজরুলের কিন্তু শিক্ষা গ্রহণের তেমন সুযোগ ছিল না। কবিতা তার ভেতর থেকে স্বতঃস্ফূর্তভাবে এসেছে। নজরুল বাংলা কবিতায় ‘বিদ্রোহের’ একটি ধারণা আবিষ্কার করেছেন। যেটি এর আগে বাংলা সাহিত্যের কেউ করতে পারেননি। নজরুলকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হলে তার কবিতা ও জীবনের আদর্শকে যেমন সঞ্চারিত করতে হবে, তেমনি কবি হিসেবে নজরুলের যে অবস্থান ছিল সেটিও আলোকপাত করতে হবে।’
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হুমায়ুন কবীর। এ সময় আমন্ত্রিত অতিথিবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় ও দপ্তর প্রধানবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন।
পদক প্রদান ছাড়াও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানা আয়োজনের মাধ্যমে চারদিনব্যাপী নজরুল জয়ন্তী পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।