সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৪ ২১:৫২ পিএম
আপডেট : ০১ জুন ২০২৪ ২২:১০ পিএম
পুলিশ ভ্যানে আটকরা। প্রবা ফটো
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় র্যাব পরিচয় দিয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে পালানোর সময় পাঁচজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।
শনিবার (১ জুন) সকালে উপজেলার জামশা ইউনিয়নের জামশা বাজারে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন, মোহাম্মদ সামীমুজ্জামান, মো. জানিফ, মো. আমেজুদ্দিন, নাফিছুর রহমান ও মিরাজুল শেখ।
স্থানীরা জানান, ঢাকার দোহারের জয়পাড়া থেকে সিএনজিচালিত অটোরিকশায় প্রায় ১০০ ভরি স্বর্ণ নিয়ে সিংগাইরের চারিগ্রামের পার্টনারের বাড়িতে যাচ্ছিলেন সুমন হাওলাদার। সিংগাইরের জামশা এলাকার আমতলা এলাকায় পৌঁছালে অটোরিকশার গতি রোধ করেন কয়েকজন। তারা নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে সুমন হাওলাদারের চোখ-মুখ বেঁধে একটি মাইক্রোবাসে তুলে নেন। জামশা বাজারে পৌঁছালে স্থানীয় ব্যবসায়ীদের সন্দেহ হলে মাইক্রোবাসটি আটকে দেন। তারা সুমন হাওলাদারকে দেখে চিনতে পারেন। পরে ওই পাঁচজনকে মারধর করে পুলিশে খবরে দেন।
সুমন হাওলাদার বলেন, মাইক্রোবাসে তুলে নেওয়ার কিছুক্ষণ পর মোটরসাইকেলে আসা অন্য একজনের কাছে আমার প্রায় ১০০ ভরি স্বর্ণ তারা দিয়ে দেয়। মাইক্রোবাসটি জামশা বাজারে পৌঁছালে স্থানীয় ব্যবসায়ীরা আমাকে চিনতে পারেন। স্থানীয়রা তাদের পরিচয় জানতে চাইলে কথাবার্তায় বুঝতে পারেন তারা র্যাবের ভুয়া পরিচয় দিয়েছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম বলেন, মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মানিকগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ আল ইমরান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আটকদের মধ্যে কেউ র্যাব সদস্য ছিল কি না, তা যাচাই করা হচ্ছে।