নারায়ণগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৪ ২০:২৯ পিএম
আপডেট : ০১ জুন ২০২৪ ২০:৩৯ পিএম
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে ইসরাফিল নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (১ জুন) সকাল ১০টার দিকে উপজেলার সদর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড নাগড়াপাড়া মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মাওলানা ইসরাফিল ওই মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন। নিহতের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
নিহতের স্বজনরা জানান, মাদ্রাসায় বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে ইসরাফিল বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়। পরে মাদ্রাসার লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আহসান উল্লাহ বলেন, ‘কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’