× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেল নেটওয়ার্কে নতুন দিগন্ত

পূর্ণতা পেল মোংলা থেকে ট্রেনে চড়ার স্বপ্ন

আবুল হাসান, মোংলা

প্রকাশ : ০১ জুন ২০২৪ ১৭:৩৭ পিএম

আপডেট : ০১ জুন ২০২৪ ১৮:৪৭ পিএম

শনিবার দুপুরে ৬০০ যাত্রী নিয়ে মোংলা প্ল্যাটফর্মে পৌঁছয় মোংলা এক্সপ্রেস। প্রবা ফটো

শনিবার দুপুরে ৬০০ যাত্রী নিয়ে মোংলা প্ল্যাটফর্মে পৌঁছয় মোংলা এক্সপ্রেস। প্রবা ফটো

দীর্ঘ প্রতীক্ষার পর বেনাপোল বন্দর থেকে মোংলা বন্দর পর্যন্ত যাত্রীবাহী রেল চলাচল চালু হয়েছে। রেল নেটওয়ার্কে যুক্ত হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম মোংলা বন্দর। 

শনিবার (১ জুন) দুপুর ২টার দিকে ৬০০ যাত্রী নিয়ে মোংলা প্ল্যাটফর্মে এসে পৌঁছায় মোংলা এক্সপ্রেস নামে একটি কমিউটার ট্রেন। এর আগে এ ট্রেনটি বেনাপোল থেকে সকাল ১০টায় ছেড়ে আসে। পথিমধ্যে বেনাপোল থেকে নাভারণ, ঝিকরগাছা, যশোর জংশন, রূপদিয়া, সিঙ্গিয়া, চেঙ্গুটিয়া, নওয়াপাড়া, বেজেরডাঙ্গা, ফুলতলা, আড়ংঘাটা, মোহাম্মদনগর, কাটাখালী, চুলকাটি বাজার, ভাগা ও দিগরাজ স্টেশনে যাত্রাবিরতির পর মোংলায় এসে থামে। পরে দুপুর ২টা ৩০ মিনিটে  ট্রেনটি যাত্রী নিয়ে আবারও বেনাপোলের উদ্দেশে ছেড়ে যায়।

এ সময় মোংলায় আসা নতুন ট্রেনটিকে স্বাগত জানান স্থানীয় সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্নাসহ রেল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কমিউটার ট্রেনটি মোংলায় এসে পৌঁছলে উৎসবের আমেজে ভাসতে থাকে এ এলাকার মানুষ। অনেকে দিনটি স্মরণ করে রাখতে টিকিট কেটে ট্রেনে চেপে খুলনার উদ্দেশে রওনা হন। 

এ সময় অনুভূতি জানতে চাইলে, ‘আব্দুস সালাম নামে এক যাত্রী বলেন, ‘দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম কখন মোংলা থেকে ট্রেন চলবে, আজ আশা পূরণ হলো।’

সুস্মিতা বালা নামে আর এক যাত্রী বলেন, ‘মোংলা থেকে ফুলতলা যাব। এজন্য সাকাল ১০টায় এসে সপরিবারে বসে ছিলাম। খরচ কম এবং আরামদায়ক ভ্রমণ উপভোগ করব।’ 

তাদের মতো আরও শত শত যাত্রী নতুন ট্রেনে উঠবে বলে মোংলা প্ল্যাটফর্মে অপেক্ষায় ছিল এদিন।

এদিকে এ রেলপথ চালু হওয়ায় এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণসহ দক্ষিণাঞ্চলের অর্থনীতি আরও গতিশীল হবে জানিয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান বলেন, ‘প্রতিষ্ঠার ৭৩ বছর পর দেশের রেল নেটওয়ার্কে মোংলা বন্দর যুক্ত হয়েছে। এতে করে খুলনা-মোংলা রেল পথ ঘিরে অর্থনীতিতে নতুন সম্ভবনার দুয়ার খুলবে। ঢাকার সঙ্গে মোংলা বন্দরের যোগাযোগ সহজ হবে। একইসঙ্গে এ বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা স্বল্প সময়ে কম খরচে পণ্য ডেলিভারি নিতে পারবেন। এ ছাড়া বহুল কাক্ষিত এ রেলপথ চালু হওয়ায় মোংলা বন্দরের সঙ্গে ভারত, ভুটান ও নেপালের ব্যবসা বাণিজ্য প্রসারিত হবে।’

মোংলা রেলস্টেশন মাস্টার এস এম মনির আহম্মেদ জানান, গত বছরের ১ নভেম্বর এ রেলপথ বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী ভার্সুয়ালি উদ্বোধন করেন। এর ৭ মাস পর শনিবার খুলনা-মোংলা রেলপথে আনুষ্ঠানিক ট্রেন চলাচল শুরু হয়। এ পথে মঙ্গলবার বন্ধ রেখে সপ্তাহে ৬ দিন চলবে মোংলা এক্সপ্রেস নামে একটি কমিউটার ট্রেন।

এ ছাড়া মোলা-চুলকাঠি ২০ টাকা, মোংলা-কাটাখালী ২০ টাকা, মোংলা-মোহাম্মদ নগর ৩৫ টাকা, মোংলা-ফুলতলা ৪৫ টাকা, মোংলা-নওয়াপাড়া ৫৫ টাকা, মোংলা-সিঙ্গিয়া ৬০ টাকা, মোংলা-যশোর ৬৫ টাকা, মোংলা-ঝিকরগাছা ৭৫ টাকা, মোংলা-নাভারণ ৮০ টাকা এবং মোংলা-বেনাপোল ৮৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।

খুলনা-মোংলা রেলপথ নির্মাণের প্রকল্প পরিচালক মো. আরিফুজ্জামান বলেন, মোংলা বন্দরকে দেশের রেল নেটওয়ার্কে যুক্ত করতে ২০১৬ সালে শুরু হয় খুলনা-মোংলা রেলপথ নির্মাণ। ২০১৯ সালে নির্মাণ কাজ শেষ করার কথা থাকলেও ৫ দফা সময় বাড়িয়ে নির্মাণ কাজ শেষ হয় ২০২৩ সালের অক্টোবরে। খুলনার ফুলতলা থেকে মোংলা পর্যন্ত ৬৪ কিলোমিটার দীর্ঘ রেলপথে রয়েছে রুপসা নদীর ওপর ৫ দশমিক ১৩ কিলোমিটারের একটি রেলসেতু, ১০৭টি ছোট বড় কালভার্ট, ৮টি প্ল্যাটফর্ম ও ৯টি আন্ডারপাস।

এ রেলপথ চালু হওয়ায় এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। কম খরচে সহজে যাতায়াত এবং আরামদায়ক ভ্রমণও করতে পারবেন। চিকিৎসাসহ ব্যবসা বাণিজ্যের কাজেও ভারতে যেতে এ রুট তাদের সহজ হবে বলে জানান তিনি।  

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা