রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৪ ১৬:৪৬ পিএম
আপডেট : ০১ জুন ২০২৪ ১৬:৫০ পিএম
অভিযুক্ত শ্রমিক লীগ নেতা মামুন ভূঁইয়া। ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা শ্রমিক লীগের একাংশের আহ্বায়ক মামুন ভূঁইয়ার বিরুদ্ধে এক বিধবা নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
শনিবার (১ জুলাই) সকালে উপজেলার পশ্চিম টামটা গ্রামে নির্বাচনের টাকা লেনদেন প্রসঙ্গে আলোচনা সমালোচনার জেরে এমন ঘটনা ঘটে বলে জানা গেছে। বিধবা নারী শুক্কুরের নেছা প্রকাশ টুনি বেগম ওই এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী টুনি বেগম অভিযোগ করে বলেন, কে বা কারা শ্রমিক লীগ নেতা মামুন ভূঁইয়া বলেছে যে উপজেলা নির্বাচনে তিনি ২/৩ প্রার্থীর কাছ থেকে টাকা নিয়েছেন। কিন্তু আমাদের কাউকে টাকা দেননি। আর যাদের কাছ থেকে টাকা নিয়েছেন তাদের বিপক্ষে কাজ করেছেন। এমন কথার পরিপ্রেক্ষিতে মামুন ভূঁইয়া আমাকে ঘর থেকে ডেকে এনে মারধর করে। আমি বর্তমানে চিকিৎসা নিয়ে বাড়িতে আছি। এ ঘটনায় মামুন ভূঁইয়ার বিচার দাবি করছি।
অভিযুক্ত শ্রমিক লীগ নেতা মামুন ভূঁইয়া বিষয়টি অস্বীকার করে জানান, আমি টুনি বেগমকে মারধর করি নাই। বরং টুনি বেগম উল্টো আমার উপর ঝাপিয়ে পড়ার চেষ্টা করলে আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেই।
স্থানীয় কাউন্সিলর শহীদ পাটওয়ারী জানান, বিধবা টুনি বেগম মারধরের বিষয়টি আমাকে জানিয়েছেন। আমি তাৎক্ষণিক মামুন ভূঁইয়ার মোবাইল ফোনে কল করে তাকে পাইনি। পরে টুনি বেগমকে জানিয়ে দিয়েছি, মামুন ভূঁইয়াকে পেলে বিষয়টি বসে সমাধান করার চেষ্টা করব।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, ঘটনা শুনেছি। ভুক্তভোগী বিধবার অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।