নড়াইল প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৪ ১৪:০৬ পিএম
আপডেট : ০১ জুন ২০২৪ ১৪:৪৭ পিএম
শনিবার সকালে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয় ঘেরাও করে স্লোগান দিতে থাকেন। প্রবা ফটো
শিক্ষকদের শূন্যপদ পূরণ ও সুপেয় পানির ব্যবস্থাসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নড়াইল নার্সিং কলেজের শিক্ষার্থীরা।
শনিবার (১ জুন) সকাল ১০টার দিকে নার্সিং কলেজ চত্বর থেকে শুরু হওয়া শিক্ষার্থীদের মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয় ঘেরাও করে স্লোগান দিতে থাকে । এ সময় ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে ক্লাসে ফিরে না যাওয়ার ঘোষণা দেয়।
দাবিগুলো হলো- শিক্ষকের শূন্যপদ পূরণ, সুপেয় পানির ব্যবস্থা, নিরাপত্তা প্রহরী নিয়োগ, স্থানীয় বখাটেদের উৎপাত বন্ধ, শিক্ষাবৃত্তি চালু।
শিক্ষার্থীরা জানান, নড়াইল নার্সিং কলেজে শিক্ষক স্বল্পতার জন্য পড়াশোনা ব্যাহত হচ্ছে। আর দুই মাস পর পরীক্ষা হওয়ার কথা থাকলেও পড়াশোনায় কোনো অগ্রগতি হয়নি। এ ছাড়া কলেজে কোনো নিরাপত্তাকর্মী নেই। যার কারণে কলেজের শতাধিক শিক্ষার্থী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তা ছাড়া স্থানীয় বখাটে ও প্রভাবশালীদের উৎপাতে নিরাপত্তা নিয়ে সব সময় তাদের চরম উদ্বিগ্ন থাকতে হয়।
শিক্ষার্থীরা আরও জানান, কলেজে অনেক দরিদ্র পরিবারের সন্তানরা পড়াশোনা করছে। অন্যত্র সরকারি শিক্ষা বৃত্তি চালু থাকলেও নড়াইল নার্সিং কলেজে এখনও তা চালু হয়নি। এ কারণে তাদের পড়াশোনা কষ্টসাধ্য হয়ে পড়েছে। এ ছাড়া সুপেয় পানির অভাব থাকায় শিক্ষার্থীরা বাইরে থেকে পানি কিনতে বাধ্য হচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে সিভিল সার্জন ডাক্তার সাজেদা বেগম পলিন বলেন, শিক্ষার্থীদের দাবি পূরণের ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।