গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক
প্রকাশ : ৩১ মে ২০২৪ ১৬:৫৪ পিএম
আপডেট : ৩১ মে ২০২৪ ১৭:০৭ পিএম
শুক্রবার জবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলস্টেশনে ট্রেন থামিয়ে মানববন্ধন করে স্থানীয়রা। প্রবা ফটো
রাজবাড়ী-ঢাকা রুটে চলাচল করা সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ট্রেনের গতিরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয়রা।
শুক্রবার (৩১ মে) সকাল ১০টা থেকে পৌনে দুই ঘণ্টাব্যাপী রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলস্টেশনে মানববন্ধন করে স্থানীয় জনতা।
এ সময় বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি খানখানাপুর স্টেশনে এসে পৌঁছলে গতিরোধ করে ট্রেনের সামনে অবস্থান নেয় তারা। ৫ মিনিট পর পুনরায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।
মানববন্ধনকারীদের দাবি, খানখানাপুর স্টেশন দিয়ে আসা তিনটি আন্তঃনগর ও দুটি কমিউটার ট্রেন ঢাকা যায়। কিন্তু খানখানাপুরের ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশনে ঢাকাগামী তিনটি আন্তঃনগর ও দুটি কমিউটার ট্রেন যাত্রাবিরতি দেয় না। ফলে প্রতিদিন মানুষের নানা ভোগান্তি সহ্য করে ঢাকা যেতে হয়।
তারা জানায়, স্থানীয় চাকরিজীবী ও সাধারণ জনগণকে রাজধানীর সঙ্গে দ্রুত যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে ট্রেনের বিরতি দিলে সবাই উপকৃত হবে। খানখানাপুর স্টেশনে ঢাকাগামী সকল ট্রেনের যাত্রাবিরতির জন্য তারা রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানায়। তারা বলে, আমাদের রাজবাড়ীবাসী গর্বিত যে পূর্ণ একজন রেলমন্ত্রী পেয়েছি। তাই মন্ত্রীর কাছে আবেদন রইল তিনি যেন ঐতিহ্যবাহী খানখানাপুর স্টেশনে সকল ট্রেনের যাত্রাবিরতির নির্দেশ দেন।
তারা আরও জানায়, যদি এখানে যাত্রাবিরতি না দেওয়া হয়, তাহলে তারা পরবর্তীতে মানববন্ধনসহ আরও কঠোর আন্দোলন করবে বলে হুঁশিয়ারি দেয়।
এর আগে গত বছরের ৮ ডিসেম্বর খানখানাপুর স্টেশনে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করেছিল স্থানীয়রা। এবারের মানববন্ধনেও খানখানাপুর স্টেশনে মধুমতি এক্সপ্রেস ট্রেন পৌঁছলে ৫ মিনিটের জন্য থামিয়ে দেয় স্থানীয় জনতা।
ঢাকাস্থ খানখানাপুর সমিতির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন মিয়া, আওয়ামী লীগ নেতা বজলুর রশিদ মাহাতাব, আতিক আল আলম, খানখানাপুর বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. মামুনুর রশিদ মামুন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ জেলা শাখার সভাপতি মাকসুদুর রহমান শাওন, খানখানাপুর বাজার ব্যবসায়ী সমিতির ক্রীড়াবিষয়ক সম্পাদক মো. রাকিবুল হাসান বাদশা, খানখানাপুর ইউনিয়ন সাবেক ছাত্রলীগ নেতা মো. কাউছার মাহমুদ, খানখানাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাউদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান সৌরভসহ অন্যান্যরা বক্তব্য দেন। এ ছাড়াও এ সময় খানখানাপুরের সর্বস্তরের দুই শতাধিক মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করে।