প্রবা প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ৩০ মে ২০২৪ ২০:৪৮ পিএম
আপডেট : ৩০ মে ২০২৪ ২৩:৪৪ পিএম
বরিশালে ডিজিটাল নিরাপত্তা আইনে বরগুনার পাথরঘাটা উপজেলার নিউজ পোর্টালের সম্পাদককে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (৩০ মে) বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক এই রায় দেন।
রায়ে মামলার অপর নারী আসামিকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয় বলে বেঞ্চ সহকারী নাজমুল হাসান জানিয়েছেন।
দণ্ডিত বশির আকন অনলাইন নিউজ পোর্টাল পাথরঘাটা নিউজের সম্পাদক। তিনি পাথরঘাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
জরিমানা দেওয়া নারী হলেন পাথরঘাটা পৌরসভার আবিদা সুলতানা।
বেঞ্চ সহকারী নাজমুল হাসান বলেন, দণ্ডিত বশির আকন রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়েছে। আবিদা সুলতানা আদালতে উপস্থিত ছিলেন। তিনি জরিমানার অর্থ জমা দিয়েছেন।
মামলার বরাতে তিনি জানান, মামলার দুই আসামির সঙ্গে পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড হাসপাতাল রোডের শাহীন আলমের জমি নিয়ে বিরোধ রয়েছে। এ বিরোধে জেরে ২০২১ সালে ১৯ জুলাই নিউজ পোর্টাল পাথরঘাটা নিউজে প্রবাসীর স্ত্রীকে কু-প্রস্তাব শিরোনামে সংবাদ প্রকাশ করে। আপত্তিকর শিরোনাম দিয়ে ২৭ জুলাই আরও একটি সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত সংবাদে আবিদা সুলতানার একটি আপত্তিকর ভিডিও বার্তা জুড়ে দেয়া হয়।
পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। মিথ্যা পোস্ট দিয়ে মান সম্মান নষ্ট করার অভিযোগ এনে ২০২১ সালের ২০ অক্টোবর তিনজনকে বিবাদী করে সাইবার ট্রাইব্যুনালে মামলা করে। ট্রাইব্যুনালের বিচারক দুইজনের বিরুদ্ধে নালিশ আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করার নির্দেশ দেন। বরিশাল পিবিআইয়ের এসআই প্রফুল্ল কুমার সিং ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুই জনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেয়।