শেরপুর প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৪ ২৩:০৭ পিএম
প্রতীকী ছবি
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় এক শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী একটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় অভিযুক্ত এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৯ মে) ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পাওয়া মাত্রই অভিযুক্তকে গ্রেপ্তার করে আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে শিশু কন্যাটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় অভিযুক্ত কিশোর তাকে নানা প্রলোভন দেখিয়ে সড়কের পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়িতে এসে তার দাদিকে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে কিশোরকে আটক করে। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
শিশুটির বাবা-মা ঢাকায় চাকরি করেন। বাড়িতে সে দাদির সঙ্গে বসবাস করে। শিশুটির দাদি বাদী হয়ে থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। পরে সেই মামালায় অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।