শেরপুর প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৪ ২২:১৬ পিএম
আপডেট : ২৯ মে ২০২৪ ২২:২৪ পিএম
প্রতীকী ছবি
শেরপুরের নকলা উপজেলায় ছিঁড়ে পড়া তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ মে) সন্ধ্যায় উপজেলার টালকি ইউনিয়নের মুজিব বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মুজিব বাড়ি এলাকার মোহাম্মদ আলীর ছেলে ফিরোজ মিয়া ও তার ভাতিজা মাসুদ মিয়ার স্ত্রী পারভীন আক্তার।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রেমালের প্রভাবে ঝোড়ো হাওয়ায় শেরপুরের নকলার টালকি ইউনিয়নের মুজিব বাড়ি এলাকায় পল্লী বিদ্যুতের একটি পিলার থেকে তার ছিঁড়ে পড়ে। দুই দিন পর ওই এলাকায় বিদ্যুৎ এলে ছেঁড়া তারে জড়িয়ে ফিরোজ মিয়া বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে ভাতিজা মাসুদ মিয়ার স্ত্রী পারভীন আক্তার এগিয়ে এলে তিনিও একই তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে নকলা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জানান, নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফন করার জন্য আবেদন করা হয়েছে।