খানসামা (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৪ ১৪:৩৭ পিএম
আপডেট : ২৯ মে ২০২৪ ১৫:৪৯ পিএম
দিনাজপুরের খানসামা উপজেলায় কায়েমপুর উচ্চ বিদ্যালয়কেন্দ্রে নারী ভোটারদের লাইন। প্রবা ফটো
দিনাজপুরের খানসামা উপজেলায় কায়েমপুর উচ্চ বিদ্যালয় ও জোয়ার প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপ।
বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। তবে সকাল ৮টা পর্যন্ত কেন্দ্রে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা থাকলেও বেলা বাড়ার সঙ্গে পাল্টে গেছে চিত্র। কেন্দ্র ঘুরে দেখা যায়, পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের সংখ্যা বাড়ছে।
উপজেলার জোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রর প্রিসাইডিং অফিসার আনোয়ার হোসেন প্রতিদিনের বাংলাদেশকে জানান, চার ঘণ্টায় ৭টি বুথে ৫৭২টির মতো ভোট পড়েছে। এই কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ৫৮৪ জন। কাস্টিং ভোটের মধ্যে নারী ভোটার বেশি।
ভোট দিয়ে মমতাজ বেগম নামে ভোটার বলেন, ‘আধা ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিয়েছি। আমাদের লাইনে ৪০ জনের মতো নারী ভোটার ছিল। কোনো রকম ঝামেলা ছাড়া পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছি।’
খামারপাড়া ইউনিয়নের শাহাপাড়ার বাসিন্দা আলেয়া খাতুনের সঙ্গে কথা হলে তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ভোটের মাইকিং শুনে নাতনি বায়না ধরেছে ভোটকেন্দ্র দেখতে যাবে। তাই নাতনিকে নিয়ে ভোটকেন্দ্র দেখতে এসেছি।’ তিনি আরও বলেন, ‘কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে এবার নারী ভোটারের সংখ্যা ছিল লক্ষণীয়।’