ঝিনাইদহ সংবাদদাতা
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২২ ১৪:২০ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২২ ১৫:১৭ পিএম
ঝিনাইদহে শৈলকুপায় দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ব্যবসায়ীর স্বজনদের আহাজারি। ছবি : প্রবা
ঝিনাইদহের শৈলকুপায় পান বরজে চুরির ঘটনায় দুই গ্রামবাসীর সংঘর্ষে এক কলা ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
শৈলকুপা উপজেলার কেষ্টপুর গ্রামে সোমবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ৪০ বছর বয়সি কলা ব্যবসায়ীর নাম সাইদ বিশ্বাস। তার বাড়ি কেষ্টপুর গ্রামে।
উপজেলার উমেদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মান্নান জানান, গত বৃহস্পতিবার কেষ্টপুর গ্রামের দেব প্রসাদের পানের বরজে চুরির ঘটনায় এক ব্যক্তিকে জরিমানা করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারই জেরে সোমবার সকালে কেষ্টপুর গ্রামের তরিকুল নামের এক ব্যক্তি বিএলকে বাজারে গেলে তার ওপর হামলা চালায় ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কপিল বিশ্বাসের সমর্থকরা।
এ ঘটনাকে কেন্দ্র করে আবদুল মান্নান সমর্থক ও কপিল বিশ্বাসের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সাইদ বিশ্বাসসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে সাইদ বিশ্বাসকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান বলে জানান ইউপি সদস্য আবদুল মান্নান।
৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কপিল বিশ্বাস বলেন, মান্নান সমর্থকরা আগে তার সমর্থকদের ওপর হামলা চালায়। এরপর সংঘর্ষের ঘটনা ঘটে।
এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, কেষ্টপুর গ্রামে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে সাইদ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের অভিযান শুরু হয়েছে।