নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৪ ০৯:৪৫ এএম
আপডেট : ২৯ মে ২০২৪ ১১:২১ এএম
ভোট দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই এবং কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। প্রবা ফটো
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় প্রথম ভোট দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই এবং কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। ভোট দেওয়ার পর তিনি বলেন, ‘ভোটের পরিবেশ সুষ্ঠু আছে। এমন শান্তিপূর্ণ পরিবেশের জন্য প্রশাসনকে ধন্যবাদ। মানুষ নিজেদের ভোট নিজেরা দিতে পারছে। সকালের দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়ছে।’
বুধবার (২৯ মে) সকাল ৮টায় কোম্পানীগঞ্জের উদয়ন প্রি ক্যাডেট একাডেমি কেন্দ্রে প্রথম ভোট দিয়েছেন তিনি।
জানা গেছে, ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে নোয়াখালীর সদর, বেগমগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলায় ভোটাধিকার প্রয়োগ করবেন ১২ লাখ ৭ হাজার ৫৮২ জন। তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১৩, ভাইস চেয়ারম্যান পদে ১৩ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নয়জন ভোটযুদ্ধে লড়ছেন। এর মধ্যে কোম্পানীগঞ্জে চেয়ারম্যান পদে সেতুমন্ত্রীর ভাইসহ চারজন। তারা হলেন শাহদাত হোসেন (টেলিফোন), উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও ব্যবসায়ী মোহাম্মদ গোলাম শরীফ চৌধুরী পিপুল (আনারস), সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল (দোয়াতকলম) এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী ওমর আলী (মোটরসাইকেল)।
নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, তৃতীয় ধাপে কোম্পানীগঞ্জসহ তিন উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। প্রতিটি কেন্দ্রে যথাসময়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোট শেষ করতে সব প্রস্তুতি রয়েছে। বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি, আনসার, ব্যাটালিয়ন আনসার, র্যাব ও পুলিশ সদস্য নিয়োজিত রয়েছেন। ভোটাররা যাতে নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার রয়েছে। কোনোরকম অনিয়ম হলে বিধি অনুযায়ী তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।