সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৪ ২২:৩৫ পিএম
আপডেট : ২৮ মে ২০২৪ ২২:৪৩ পিএম
নিহত মোহাম্মদুল হক।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পাওনা টাকার জন্য এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২৮ মে) বিকেলে উপজেলার ছদাহা মিঠার দোকান এলাকায় মোহাম্মদুল হক নামের এই যুবককে ছুরিকাঘাত করা হয়।
এ সময় তার বড় ভাই মো. জিয়াবুল এবং আরিফ নামের অপর এক যুবক ছুরিকাহত হয়েছেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের বড় ভাই মো. আজিজুল হক বলেন, ‘আজিমপুর এল্যানা পুকুর এলাকায় রায়হানের চায়ের দোকানে আমার ছোট ভাই কয়েক দিন আগে নাস্তা করে ১৭ টাকা বাকি করেছিল। রবিবার সে বকেয়া টাকা পরিশোধ করে। ওইদিন রায়হান স্থানীয় লোকজনকে বলে বেড়ায় আমার ভাইয়ের কাছ থেকে আরও টাকা পাবে। পাওনার বিষয়ে সোমবার সকালে রায়হানের দোকানে জিজ্ঞেস করতে গেলে কথাকাটাকাটির এক পর্যায়ে রায়হান আমার ছোট ভাইকে লোহার রড নিয়ে মারার চেষ্টা করে।’
তিনি বলেন, ‘এ ঘটনার জেরে একই দিন বিকালে ৮-১০ জনের একটি সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার ভাইয়ের ভাড়া বাসায় হামলা চালায় রায়হান। এসব বিষয়ে রায়হানের ঘনিষ্ঠজনদের জানালে তারা মঙ্গলবার বিকালে সমাধানের কথা বলে আমার বড় ভাই জিয়াবুলসহ মোহাম্মদুল হককে মিঠার দোকানে ঢেকে নেন। আমার ভাইয়েরা সেখানে গেলে রায়হান মহাসড়কের পূর্ব পাশে জাকিরের চায়ের দোকানে ৮-১০ জনকে সেখানে পাঠান। দোকানে বসা অবস্থায় কয়েকজন নিয়ে আমার ভাইয়েদের ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে লোকজন মোহাম্মদুল হককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত বড় ভাই জিয়াবুলকে আশঙ্কাজনক অবস্থায় চমেকে ভর্তি করা হয়েছে।’
সাতকানিয়া থানার ওসি প্রিটন সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছুরিকাঘাতে এক ভাই নিহত ও এক ভাই আহত হয়েছে। ঘটনায় জড়িতদেরকে চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।