লক্ষ্মীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৪ ১৯:৪৩ পিএম
আপডেট : ২৮ মে ২০২৪ ১৯:৫৫ পিএম
শিশু আলিফা। ফাইল ফটো
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত হয়। জোয়ার ও টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকার পুকুর-ডোবা ও ছোট-বড় গর্তগুলো পানিতে থই থই করছে।
মঙ্গলবার (২৮ মে) সকালে উপজেলার চরমার্টিন ইউনিয়নের বলিরপোল এলাকায় বাড়ির পাশে জমে থাকা জোয়ারের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত আড়াই বছর বয়সি আলিফা আক্তার বলিরপোল এলাকার শহিদ উল্যার মেয়ে।
চরমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউছুফ আলী বলেন, আলিফা বাড়ির অন্যদের সামনেই বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে তাকে দেখা যাচ্ছিল না। এতে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকে। একপর্যায়ে বাড়ির পেছনে গর্তে জমে থাকা পানিতে তাকে ভাসতে দেখা যায়। পরে আলিফাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।