চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৮ মে ২০২৪ ১৫:৩৮ পিএম
আপডেট : ২৮ মে ২০২৪ ১৬:৫৮ পিএম
ছবি : প্রতীকী
বহির্নোঙর থেকে জেটিতে ফিরিয়ে আনার সময় কসকো শিপিং লাইনের একটি জাহাজ কর্ণফুলী নদীর পতেঙ্গা এলাকায় বয়ার সঙ্গে আটকে গেছে। মঙ্গলবার (২৮ মে) দুপুর ২টার দিকে ১২ নম্বর বয়ার সঙ্গে জাহাজটি আটকে যায়।
বন্দর কর্তৃপক্ষের নৌ-বিভাগের একজন কর্মকর্তা প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে বিস্তারিত জানতে তিনি বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুকের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।
এ সম্পর্কে জানতে বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুককে কল করা হলে তিনি মোবাইল রিসিভ করেননি।
বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি এড়াতে আটকা পড়া জাহাজটিসহ জেটিতে থাকা ১৯টি জাহাজ গভীর সমুদ্রে পাঠিয়ে দেওয়া হয়। ঘূর্ণিঝড়ের বিপদ সংকেত কমে যাওয়ায় আজ মঙ্গলবার জাহাজগুলোকে পণ্য খালাসের জন্য পুনরায় জেটিতে আনার প্রক্রিয়া শুরু হয়। বহির্নোঙর থেকে জাহাজটি জেটিতে আনার সময় পতেঙ্গা এলাকার ১২ নম্বর বয়ার সঙ্গে জাহাজটির প্রপেলার (পাখা) আটকে যায়। জাহাজটিকে সেখান থেকে সরিয়ে নিতে বন্দর কর্তৃপক্ষের তিনটি টাগবোট ঘটনাস্থলে এসেছে।
এদিকে, জাহাজটি বয়ার সঙ্গে আটকে গেলেও বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে তেমন কোনো সমস্যা হচ্ছে না। চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।