ঘূর্ণিঝড় রেমাল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৪ ১২:৪৬ পিএম
আপডেট : ২৮ মে ২০২৪ ১২:৫৫ পিএম
ফায়ারফাইটার মো. রাসেল হোসেন। ছবি : সংগৃহীত
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে খাগড়াছড়িতে উপড়ে পড়া গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে মো. রাসেল হোসেন নামের এক ফায়ারফাইটারের মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ মে) রাত সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফায়ারফাইটার রাসেল হোসেনের বাড়ি ঢাকার ধামরাইয়ের বাসনা গ্রামে। তিনি ২০২৩ সালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগদান করেন।
জানা গেছে, সোমবার সারা দেশে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা এলাকায় একটি গাছ পড়ে যায়। পরে রাত ১০টার দিকে খবর পেয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায় এবং গাছ অপসারণে কাজ শুরু করে। গাছ অপসারণের একপর্যায়ে আকস্মিক বিদ্যুৎ চলে আসায় ফায়ারফাইটার রাসেল হোসেন বিদ্যুতায়িত হন। গুরুতর আহত অবস্থায় তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাসেল হোসেনের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল।