প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মে ২০২৪ ০০:৩৭ এএম
রাজধানীর তেজগাঁওয়ে ছুরিকাঘাতে ওলিউল্লাহ রনি নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বড় ভাই রফিক মিয়া আহত হয়েছেন।
শুক্রবার (২ে৫ মে) রাত আড়াইটার দিকে তেজগাঁওয়ের শাহিনবাগ মসজিদ গলির একটি বাসায় এ ঘটনা ঘটে।
নিহত রনি মোটরসাইকেল রাইড শেয়ার করতেন, আর রফিক মুদি দোকানি। মাদক সেবনকে কেন্দ্র করে দ্বন্দ্বে মোরশেদ নামে একজন তাদের ছুরিকাঘাত করেন বলে জানা গেছে। এ ছাড়া রাজধানীর পৃথক স্থানে গৃহবধূসহ চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ইউনুস আলী ফরাজি জানান, রনিরা নিজেদের টিনসেড বাসায় থাকতেন। একই এলাকার মোরশেদ নামে এক ব্যক্তি শুক্রবার রাতে রনিকে বাসায় এসে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। ছোট ভাইকে বাঁচাতে গেলে রফিককেও জখম করে পালিয়ে যান হামলাকারী। পরে রাত সাড়ে ৩টার দিকে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। রফিক বর্তমানে চিকিৎসাধীন।
এদিকে যাত্রবাড়ী শনিরআখড়া শেখদী এলাকায় ভবন থেকে লাফিয়ে পড়ে শারমিন আক্তার নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বাড্ডা এলাকায় বিদ্যুতায়িত হয়ে মাসুদ নামে এক যুবক মারা গেছেন। এ ছাড়া বাড্ডা ও যাত্রাবাড়ী এলাকায় আকাশ ও রোকন দেব নামে দুই যুবকের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল থেকে বিকালের মধ্যে এসব ঘটনা ঘটে।