জানালেন ডিবিপ্রধান
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৪ ১৫:১৬ পিএম
আপডেট : ২২ মে ২০২৪ ১৫:৪২ পিএম
বুধবার দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হারুন অর রশীদ। প্রবা ফটো
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খুনের ঘটনার সঙ্গে জড়িত কয়েকজন গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে আছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ডিবিপ্রধান হারুন অর রশীদ।
তিনি বলেন, একজন সংসদ সদস্যের হত্যাকাণ্ড কখনও মেনে নেওয়া যায় না। আমরা কলকাতা পুলিশের সঙ্গে মিলে হত্যাকারীদের ধরতে কাজ করছি। এরই মধ্যে আমাদের হাতে কয়েকজন আছে। তাদের থেকেও আমরা গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি।
বুধবার (২২ মে) দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিবিপ্রধান। তবে এ সময় বাংলাদেশিদের জড়িত থাকার কথা বললেও, তা নিয়ে বিস্তারিত জানাননি তিনি।
এর আগে, ডিবি কার্যালয় থেকে বেরিয়ে আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস বলেন, আমার বাবা নেই, আজ আমরা এতিম হয়ে গেছি। আমি আমার বাবা হত্যার বিচার চাই। এভাবেই কান্না জড়িত কণ্ঠে বাবা এমপি আনোয়ারুল আজিমের হত্যাকারীদের বিচার চাইলেন মেয়ে মুমতারিন ফেরদৌস। তিনি বাবার বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
গত ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে উত্তরের বরানগরে বন্ধুর বাড়িতে ছিলেন আনার। ১৩ মে তিনি কারও সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু আর ফেরেননি। তাকে কলকাতার নিউটাউন এলাকার একটি ফ্ল্যাটে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।