প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২২ ১৮:৩৪ পিএম
দোকান কর্মচারী ফেডারেশনের সংবাদ সম্মেলনে নেতারা। ছবি : প্রবা
বাংলাদেশ দোকান মালিক সমিতি দোকান খোলা রাখতে চান রাত ৯টা পর্যন্ত। মালিকদের দাবির বিরোধিতা করেছে কর্মচারীদের সংগঠন দোকান কর্মচারী ফেডারেশন। সে সঙ্গে তারা কর্মচারীদের জন্য ন্যূনতম মজুরি বোর্ড গঠন করাসহ ১২ দাবি জানায় তারা।
রবিবার (১৩ নভেম্বর) প্রেস ক্লাবের জুহুর হোসেন মিলনায়তনে এ দাবি জানান তারা।
এ সময় লিখিত বক্তব্য পড়েন দোকান কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন।
তিনি বলেন, ‘বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকার রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু দোকান মালিক সমিতি এই সিদ্ধান্তে রাজি না। তারা চান রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে হবে। আমরা এ দাবির তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’
এ ছাড়া দেশের ৪২টি শিল্প সেক্টরের মধ্যে অনেক জায়গায় ন্যূনতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে। কিন্তু দোকান কর্মচারীদের জন্য সেটি নেই।
এ সময় তারা দেশের ৬০ লাখ দোকান কর্মচারীদের জন্য মজুরি বোর্ড গঠনসহ ১২ দফা দাবি জানান।
দাবিগুলো হলো, রাত ৮টার পর দোকান খোলা রাখা যাবে না, সব দোকান কর্মচারীকে পরিচয়পত্র দেওয়া, সাপ্তাহিক দেড় দিন ছুটি দেওয়া, ৭ তারিখের মধ্যে বেতন দেওয়া, ঈদে বেতনের সমপরিমাণ বোনাস, অতিরিক্ত কাজের জন্য ওভারটাইমসহ অবসরে যাওয়া কর্মচারীদের আইন অনুযায়ী সকল পাওনা পরিশোধ করা, প্রয়োজনীয় চিকিৎসা খরচ দেওয়া, শ্রম আইন বাস্তবায়ন করা এবং কর্মচারী দুর্ঘটনার শিকার হলে মালিককে চিকিৎসার ব্যয়ভার বহন করার দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে আয়োজক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা আলী মোল্লা, কামরুল হাসান, এম এ গনি, রফিকুল ইসলাম, ফরিদুল ইসলাম, বাবুল ব্যাপারী, জাহাঙ্গীর আলমসহ অন্য অনেকেই উপস্থিত ছিলেন।