প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৪ ১৭:২৫ পিএম
আপডেট : ১৯ মে ২০২৪ ১৮:২৫ পিএম
ঢাকার সড়কে ব্যাটারিচালিত রিকশা, ভ্যান চলাচল বন্ধে বিজ্ঞপ্তি দিয়েছে বিআরটিএ। ছবি সংগৃহীত
ঢাকা মহানগরীতে রঙ চটা, জরাজীর্ণ, লক্কড়ঝক্কড় মোটরযান ও ব্যাটারি অথবা মোটরচালিত রিকশা বা ভ্যান চালানো শাস্তিযোগ্য অপরাধ। এসব চালানো বন্ধ না হলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
রবিবার ( ১৯ মে) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিআরটিএ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ব্যাটারি ও মোটরচালিত রিকশা বা ভ্যান বা অনুরূপ শ্রেণির থ্রি-হুইলার ঢাকা মহানগরীতে চলাচলের কারণে সড়ক নিরাপত্তা পরিস্থিতির অবনতি হচ্ছে। সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ব্যাটারি ও মোটরচালিত রিকশা বা ভ্যান বা অনুরূপ শ্রেণির থ্রি-হুইলার এবং ফিটনেসের অনুপযোগী, রঙ চটা, জরাজীর্ণ ও লক্কড়ঝক্কড় মোটরযান চালানো শাস্তিযোগ্য অপরাধ। এ অবস্থায় ঢাকা মহানগরীতে ব্যাটারি ও মোটরচালিত রিকশা বা ভ্যান বা অনুরূপ শ্রেণির থ্রি- হুইলার এবং ফিটনেসের অনুপযোগী, রঙ চটা, জরাজীর্ণ ও লক্কড়ঝক্কড় মোটরযান চলাচল বন্ধ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।’
নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে বিআরটিএ।
এদিকে আজ ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে পুলিশের অভিযানের বিরুদ্ধে মিরপুরে বিক্ষোভে নেমেছেন চালক ও ব্যবসায়ীরা। সকাল থেকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরসহ আশপাশের কয়েকটি এলাকায় অবস্থান নিয়ে অবরোধ করেন চালকরা। এতে মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় মিরপুর ১০ নম্বর সড়কে যানবাহন ভাঙচুর করেছে বিক্ষুব্ধরা। পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। কয়েকটি বাসে হামলা চালানোর পাশাপাশি প্রাইভেট কার চালকদের ওপর চড়াও হয় বিক্ষুব্ধরা।