প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৪ ০৯:২৭ এএম
আপডেট : ১৮ মে ২০২৪ ০৯:২৮ এএম
ছবি : সংগৃহীত
আজ সকাল থেকে রাজাধানীত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝড়ছে। দিনের শুরুতে মেঘের দাপটে দেখা মেলেনি রোদের। চলমান তাপপ্রবাহের মধ্যে এ বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরছে জনজীবনে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হবে।
আবহাওয়া অফিস শুক্রবারের পূর্বাভাসে জানিয়েছিল, শনিবার ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টি হবে। তাদের বার্তা অনুযায়ী সকালেই ঢাকার আকাশে কিছুটা প্রতিচ্ছবি দেখা গেছে।
শনিবার (১৮ মে) সকালে ঢাকার আকাশে সূর্যের দেখা পাওয়া যায়নি। সকালেই আকাশ কালো মেঘে ঢেকে ৮টার পরপরই ঢাকার শাহাবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, ধানমন্ডি এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির খবর পাওয়া যায়।
সাপ্তাহিক ছুটির দিনে সরকারি অফিস-আদালত বন্ধ হলেও সকালের এই গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে খুব একটা বিপাকে পড়তে দেখা যায়নি শ্রমজীবী ও বেসরকারি চাকরিজীবীদের। যারা কাজে বের হয়েছেন তারা হালকা ভিজে গেছেন। তবে অধিকাংশ মানুষই স্বস্তি প্রকাশ করেছেন।
এদিকে ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য দেয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং টাঙ্গাইল, ঢাকা, বরিশাল, কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে দুপুর একটার মধ্যে ৪৫ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।
এসব এলাকার নদীবন্দর সমূহকে নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে গতকাল শুক্রবার সন্ধ্যায় দেয়া আবহাওয়া বার্তায় জানানো হয়, সিলেটে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এ ছাড়া রাজশাহীতে ৩, নওগাঁর বদলগাছী ও পঞ্চগড়ের তেঁতুলিয়া ২, বগুড়ায় ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এ সময় রংপুরেও সামান্য বৃষ্টি হয়েছে।