কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৪ ১৮:২৮ পিএম
আপডেট : ১৫ মে ২০২৪ ২০:২৮ পিএম
অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জামাদিসহ নকল রঙ তৈরি, মজুদ ও বিক্রি করায় দুই দিনে ১১ প্রতিষ্ঠানকে ৪৮ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ মে) দুপুরে র্যাব-১০-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এমজে সোহেল সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘মঙ্গল ও বুধবার পর্যন্ত র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র্যাব-১০-এর সমন্বয়ে একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কদমতলী ও কেরানীগঞ্জের জিনজিরা, শুভাঢ্যা ও রোহিতপুরসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।’
বিএসটিআইয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত উল্লিখিত এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি এবং নকল রঙ উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ১১টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৪৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। যার মধ্যে প্যাটেলকো কোম্পানি লিমিটেডকে ১০ লাখ, সিরাজ ট্রেডিংকে ৩ লাখ, ইউনিলাইক প্রোডাক্টস্ লিমিটেডকে ৫ লাখ, কিনবো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৪ লাখ, ইউনাইটেড ইলেকট্রিক্যাল অ্যাকসেসরিজকে ৫ লাখ, আলিফ পেইন্টস্ ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ২ লাখ, বিআইডব্লিউ অ্যান্ড মায়ের দোয়া সোলার পাওয়ারকে ৩ লাখ, গৌরনদী পেইন্টসকে ২ লাখ, ম্যাক্স এনার্জি ইন্টারন্যাশনালকে ৪ লাখ, ইভানা ক্যাবলস্ ইন্ডাস্ট্রিজকে ৫ লাখ এবং কোয়ালিটি ক্যাবলস্ ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
এ ছাড়া প্যাটেলকো কোম্পানি লিমিটেডের দশজনকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। তবে জরিমানা দিতে ব্যর্থ হওয়ায় তাদের একজনকে এক মাসের করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।