প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৪ ১৪:২৯ পিএম
আপডেট : ১৩ মে ২০২৪ ১৭:২২ পিএম
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ফাইল ছবি
এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে খালি জায়গায় খেলার মাঠ ও বিনোদনের ব্যবস্থা করে দেওয়ার চিন্তা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
সোমবার (১৩ মে) গুলশানে ডিএনসিসি নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান মেয়র মো. আতিকুল ইসলাম। ডিএনসিসি মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব নেওয়ার ৪ বছর পূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আতিকুল ইসলাম বলেন, ঢাকা শহরের একটি বড় অবকাঠামো এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এখানে যে জায়গা ফাঁকা রয়েছে আমরা নগরবাসীর জন্য খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা করে দেব। এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের জায়গায় খেলার মাঠ করে দেব।
মেয়র বলেন, মিরপুরের কালশি বালুর মাঠে ১৭ বিঘা আয়তনের মাঠটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিটি করপোরেশনকে উপহার দিয়েছেন। এ মাঠটির নামকরণ করা হয়েছে কাতারের আমির থানির নামে। বর্তমানে মাঠটির কাজ চলমান রয়েছে বলে জানান তিনি।
মেয়র আরও বলেন, এতদিন রাজধানীর বিভিন্ন সড়কের নাম শুধু মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করা হতো। কিন্তু আমি মনে করি আমাদের অনেক বড় বড় সাংবাদিক, শিল্পী ও সাহিত্যিক রয়েছে। তাই এখন থেকে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি সাংবাদিক, শিল্পী ও সাহিত্যিকদের নামেও সড়কের নামকরণ করা হবে।
তিনি বলেন, কারওয়ান বাজার ও যাত্রাবাড়ী থেকে যেসব ব্যবসায়ী গাবতলী নতুন মার্কেটে স্থানান্তরিত হবে তাদের কাছ থেকে কোনো সালামি নেওয়া হবে না বলে জানান তিনি।
এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।