প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৪ ১৩:১৪ পিএম
আপডেট : ১৩ মে ২০২৪ ১৪:০০ পিএম
রাজধানীর গুলশান-২ নগর ভবনে চার বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলন করেছেন মেয়র মো. আতিকুল ইসলাম। প্রবা ফটো
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এলাকায় ডেঙ্গু প্রতিরোধে প্রতি মাসে ওয়ার্ড কাউন্সিলরদের ৫০ হাজার টাকা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির মেয়র মো. আতিকুল ইসলাম।
তিনি বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। গত বছর বিটিআই নিয়ে জালিয়াতির ঘটনায় ঠিকাদার প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছি। এবার নিজেরাই বিটিআই আমদানি করার উদ্যোগ নিয়েছি। এর মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত অনুমোদন দিয়েছে।’
সোমবার (১৩ মে) রাজধানীর গুলশান-২ নগর ভবনে চার বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মেয়র আতিক বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ৭২টি ওয়ার্ড কাউন্সিলরকে প্রতি মাসে ৫০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। কাউন্সিলররা এ টাকা ওয়ার্ডে সাধারণ জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি, র্যালি, শিক্ষপ্রতিষ্ঠান ও অংশীজনদের সঙ্গে মতবিনিময় করার জন্য ব্যয় করবে।’
তিনি বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি যেসব বর্জ্য পানি জমে এডিস মশার লার্ভা জমে ওইসব পণ্য কেনার জন্য কাউন্সিলরদের আলাদা করে টাকা দেওয়া হচ্ছে।’
ডেঙ্গু ভয়াবহতায় ২০২৩ সালে এসে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। মোট ১ হাজার ৬৯৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। ঢাকার দুই সিটি করপোরেশনসহ সরকারের বিভিন্ন সংস্থার মশার ওষুধ ছিটানো এবং সচেতনতা বৃদ্ধির মতো নানা পদক্ষেপ নেওয়ার কথা থাকলেও নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু। ফলে প্রতি বছরই মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে।