প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৪ ২২:১৪ পিএম
আপডেট : ১৩ মে ২০২৪ ১০:০৮ এএম
রবিবার রাজধানীর সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি ও সন্ধানী আন্তর্জাতিক চক্ষু ব্যাংক হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে সৌরভ ও আনোয়ার হোসেনের চোখে কর্নিয়া প্রতিস্থাপন করা হয়। চিকিৎসক জানিয়েছেন, সফল অস্ত্রোপচারের মাধ্যমে কর্নিয়া প্রতিস্থাপন করা এ দুই রোগীই সুস্থ আছেন। প্রবা ফটো
বর্ষীয়ান রাজনীতিবিদ প্রয়াত হায়দার আকবর খান রনোর দান করা কর্নিয়ায় চোখের আলো ফিরে পেলেন দুই ব্যক্তি। তারা হলেন কুমিল্লার বাসিন্দা ৪৭ বছর বয়সি আনোয়ার হোসেন এবং ভোলার ২৪ বছর বয়সি সৌরভ। রবিবার রাজধানীর সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি ও সন্ধানী আন্তর্জাতিক চক্ষু ব্যাংক হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের চোখে কর্নিয়া প্রতিস্থাপন করা হয়। দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ অস্ত্রোপচারে নেতৃত্ব দেন ডা. সৈয়দ এম হাসান।
সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি ও সন্ধানী আন্তর্জাতিক চক্ষু ব্যাংক হাসপাতালের সভাপতি অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সফল অস্ত্রোপচারের মাধ্যমে কর্নিয়া প্রতিস্থাপন করা দুই রোগীই ভালো আছেন। তারা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।
ডা. মনিলাল আইচ বলেন, দেশের ১৪ লাখ দৃষ্টিহীন ব্যক্তির মধ্যে অন্তত ৫ লাখ কর্নিয়াজনিত সমস্যায় ভুগছেন। মৃত্যুর পর কর্নিয়া দানে অনীহার কারণে লাখ লাখ মানুষের চোখের আলো ফিরিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না। কিছুদিন আগে বাংলাদেশের প্রথম পতাকার রূপকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাশের কর্নিয়ায় দৃষ্টি হারানো দুজন দৃষ্টিশক্তি পেয়েছেন। আর রবিবার হায়দার আকবর খান রনোর কর্নিয়ায় আরও দুজন দৃষ্টি ফিরে পেলেন। এ দুই বরেণ্য ব্যক্তির মতো মৃত্যুর পর অন্যরাও যদি এভাবে কর্নিয়া দান করেন, তাহলে দেশে যত সংখ্যক দৃষ্টি হারোনো মানুষ আছেন, ধাপে ধাপে তাদের চোখের আলো ফিরিয়ে দেওয়া সম্ভব হবে। সুতরাং সবার প্রতি আহ্বান থাকবে, মৃত্যুর পর কর্নিয়া দান করতে মানুষকে উৎসাহিত করুন।
গত শুক্রবার রাত ২টা ৫ মিনিটে পরিচ্ছন্ন রাজনীতিবিদ, সমাজতান্ত্রিক রাজনীতির জন্য জীবন উৎসর্গ করা ব্যক্তিত্ব ও লেখক হায়দার আকবর খান রনো রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৮২ বছর বয়সি বরেণ্য এ রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে শ্বাসতন্ত্রের নানা জটিলতায় ভুগছিলেন। গত ৬ মে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
তার মৃত্যুর পর রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। হায়দার আকবর খান রনো বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা পরিষদের সদস্য। সিপিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সোমবার বরেণ্য এ রাজনীতিবিদকে শেষ বিদায় জানানো হবে। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মরদেহ থাকবে পল্টনে সিপিবি কার্যালয়ে। সেখান থেকে যাবে শহীদ মিনারে। সেখানে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত শ্রদ্ধা নিবেদন পর্ব চলবে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে হবে জানাজা। সবশেষে বনানী কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হবে। তার মরদেহ বর্তমানে শমরিতা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।