প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ নভেম্বর ২০২২ ১৭:০১ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২২ ১৭:৩২ পিএম
গ্রেপ্তার সংঘবদ্ধ প্রতারক চক্রের ৪ সদস্য। ছবি : প্রবা
রাজধানীর খিলগাঁও থেকে সংঘবদ্ধ প্রতারক ও চাঁদাবাজ চক্রের নারী সদস্যসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. গোলাপ মিয়া, কবীর মীর, মো. আবু বকর ও মাকছুদা আক্তার। এ সময় তাদের কাছ থেকে ৭টি মোবাইল জব্দ করা হয়।
শুক্রবার (১১ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। চক্রটি সহজ-সরল মানুষকে টার্গেট করে তাদের সঙ্গে পরিচিত হয়ে পর্যায়ক্রমে আত্মীয়তার সম্পর্ক গড়ে তুলত। এরপর আমন্ত্রণ জানিয়ে অস্থায়ী কোনো বাসায় নিয়ে যায়। তারা ভুক্তভোগীকে ঘরে রেখে একজন নারীকে ঘরের মধ্যে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিত। পরবর্তী সময়ে ভিকটিমকে আইনশৃঙ্খলা বাহিনীর নিকট হস্তান্তরসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল।
তিনি জানান, চক্রটি এভাবে প্রতারণার মাধ্যমে ভুক্তভোগী বুঝে লাখ টাকারও বেশি চাঁদা আদায় করত। তাদের চাহিদা অনুযায়ী টাকা না পেলে ভুক্তভোগীদের মারধর করত। ভিকটিম তার সম্মান বাঁচাতে আসামিদের চাহিদানুযায়ী টাকা দিয়ে নিজেকে মুক্ত করতেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।