প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪ ০৩:৫৯ এএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৪ ১৪:৩৩ পিএম
প্রতীকী ছবি
রাজধানীর মোহাম্মদপুর থানার সাত মসজিদ রোডে নামাজে যাওয়ার সময় নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের রড মাথায় পড়ে হাসান নামে এক পথচারী মারা গেছেন।
শনিবার (৬ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের প্রতিবেশী শফিউর রহমান বলেন, ‘রাতে নামাজে যাওয়ার সময় নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের রড মাথায় পড়ে গুরুতর আহত হন হাসান। আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।’
তিনি আরও বলেন, ‘আমরা বিষয়টি তার পরিবারকে জানিয়েছি। তারা ঢাকা মেডিকেলে আসছেন। হাসান মোহাম্মদপুরের সাত মসজিদ এলাকায় থাকতেন। তার বাড়ি চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা জুঁইদী এলাকায়। তিনি ওই এলাকার ফজল আহমেদের ছেলে।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি মোহাম্মদপুর থানাকে জানানো হয়েছে।
এর আগে, ১০ জানুয়ারি দীপু সানা নামে বাংলাদেশ ব্যাংকের এক সহকারী পরিচালক নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে মারা যান। ১০ জানুয়ারি মৌচাক ফ্লাইওভারের নিচ দিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন তিনি। পথে ফখরুদ্দিন রেস্টুরেন্টের পাশে নির্মাণাধীন একটি ভবন থেকে তার মাথার ওপর ইট পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
১১ জানুয়ারি দীপু সানার মৃত্যুর ঘটনায় রমনা থানায় মামলা করে তার পরিবার। অপরদিকে এটি ‘হত্যাকাণ্ড’ দাবি করে জড়িতদের বিচার দাবিতে ১৩ জানুয়ারি দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করা হয়।