প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪ ১৭:৪৪ পিএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৪ ১৯:০২ পিএম
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ছবি : সংগৃহীত
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, ‘সন্ত্রাসী, মানুষের অত্যাচারকারী, চাঁদাবাজ ও ভূমি দখলকারীদের কোনো ছাড় নেই। দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।’
শুক্রবার (৫ এপ্রিল) ঈদুল ফিতর উপলক্ষে গোলারবাড়ি ব্রিজ নন্দীপাড়ায় অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৪ নম্বর ওয়ার্ডের প্রায় ১ হাজার ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, ‘সরকার পিছিয়ে পড়া, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদের চাল, ডাল, আলু, তেল, সেমাই, শাড়ি, লুঙ্গিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা ভালো কাজের প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে। জনগণের পাশে থাকাই তাদের কাছে গুরুত্বপূর্ণ। মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।’
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিত্ত রঞ্জন দাস, ৭৪ নম্বর ওয়ার্ডের প্রথম নির্বাচিত কাউন্সিলর আবুল কালাম আজাদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাসরিন আহমেদসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া পরিবেশমন্ত্রী মানিকদিয়া ইদ্রিসিয়া দাখিল মাদ্রাসায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৩ নম্বর ওয়ার্ডের ১০০০ পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে বস্ত্র বিতরণ করেন।