প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪ ২১:৩১ পিএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৪ ০০:১৭ এএম
রাজধানীর ডেমরায় আগুনে পুড়ছে ১৪টি ভলভো বাস। ছবি : সংগৃহীত
রাজধানীর ডেমরার ধার্মিকপাড়া এলাাকয় আগুন লেগে গ্যারেজে রাখা লন্ডন এক্সপ্রেস পরিবহনের ১৪টি বাস পুড়ে গেছে। এতে কেউ হতাহত হয়নি। তবে ফায়ার সার্ভিস বলছে, এ ঘটনা রহস্যজনক।
সোমবার (১ এপ্রিল) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জানানো হয়, ধার্মিকপাড়ায় লন্ডন এক্সপ্রেস কোম্পানির নিজস্ব গ্যারেজ। সেখানে বেশ কিছু বাস পাশাপাশি পার্কিং অবস্থায় ছিল। হঠাৎ একটি বাসে আগুন লাগে। পরে পুরো গ্যারেজে আগুন ছড়িয়ে পড়ে।
রাত ৮টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যায়। আগুন নিয়ন্ত্রণের বাইরে থাকায় আরও চারটি ইউনিট পাঠানো হয়। পরে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৯টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, গ্যারেজে ১৪টি বাস আগুনে পুড়ে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ ঘটনাকে রহস্যজনক মনে করছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। তিনি বলেছেন, তদন্ত করে আগুনের সূত্রপাত জানার চেষ্টা চলছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপকমিশনার ইকবাল হোসাইন আলোকে বলেন, এটি দুর্ঘটনা নাকি নাশকতা, সেটা তদন্তের পর বলা যাবে।