প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ মার্চ ২০২৪ ১১:৫৩ এএম
আপডেট : ২২ মার্চ ২০২৪ ১২:৩০ পিএম
শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম। প্রবা ফটো
রাজধানীর ডেমরার ভাঙ্গা প্রেস এলাকায় একটি কাপড়ের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা। প্রায় ৯ ঘণ্টা পর শুক্রবার (২২ মার্চ) সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ও নৌবাহিনীর যৌথ চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুন নেভানোর পুরো সময়ে মালিকপক্ষের কাউকে দেখা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শুক্রবার সকাল ৬টার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) ও ইনসিডেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বলা যাবে।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত ভবন ও পাশের ভবনগুলোর মধ্যে এক ইঞ্চিও ফাঁক নেই। সরু সিঁড়ির কারণে ভবনে ঢুকতে অসুবিধার সম্মুখীন হন দমকলকর্মীরা। কাছাকাছি পর্যাপ্ত পানির সরবরাহ না থাকায় আগুন নিয়ন্ত্রণে ড্রেনের পানি ব্যবহার করতে হয়েছে।
এই কর্মকর্তা বলেন, ‘মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি। আমরা যোগাযোগ করার চেষ্টা করছি।’