প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ মার্চ ২০২৪ ১০:০৯ এএম
আপডেট : ২১ মার্চ ২০২৪ ১২:৪৩ পিএম
প্রতীকী ছবি
রাজধানীর যাত্রাবাড়ীর পশ্চিম ধোলাইপাড়ে নিজ বাসায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম এস এম জাকারিয়া জামি।
নিহতের স্বজনরা জানায়, বুধবার (২০ মার্চ) মধ্যরাতের দিকে তারা জামির দেহ নিজের রুমে সিলিং ফ্যানে ঝুলতে দেখে। অচেতন অবস্থায় জামিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের বাবা মো. দেলোয়ার হোসেন বলেন, ‘আমার ছেলে আহ্ছানউল্লা ইউনিভার্সিটির বিবিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পারিবারিক বিষয় নিয়ে আমাদের ওপর অভিমান করে নিজ রুমে গামছা দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নিয়েছে। পরে আমরা দেখতে পেয়ে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার রায়নগর। থাকেন পশ্চিম ধোলাইপাড় ১৮/৩ নম্বর বাসায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।