প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ মার্চ ২০২৪ ০০:৩৭ এএম
আপডেট : ২১ মার্চ ২০২৪ ১০:৪৭ এএম
রাজধানীর কারওয়ান বাজারে এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও থেকে এফডিসি গেট সংলগ্ন ১ দশমিক ৫ কিলোমিটার দৈর্ঘ্যের ডাউন র্যাম্প চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এটি নগরবাসীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, আগামী বছরের শুরুতে পুরো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বুধবার (২০ মার্চ) এফডিসি গেট সংলগ্ন ডাউন র্যাম্প উন্মুক্তকরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, বিমানবন্দরের কাওলা থেকে, বনানী, ফার্মগেট, কমলাপুর হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত এ প্রকল্পের মোট দৈর্ঘ্য ১৯.৭৩ কিলোমিটার, র্যাম্পসহ প্রকল্পের মোট দৈর্ঘ্য ৪৬.৭৩ কিলোমিটার। এতে মোট ব্যয় ৮ হাজার ৯৪০ কোটি টাকা। বর্তমানে প্রকল্পের অগ্রগতি ৭২.৫১ শতাংশ।
কাজের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, কাজের অগ্রগতি নিয়ে প্রশ্ন করা উচিত নয়। দিবারাত্রি কাজ চলছে। আমরা পদ্মা সেতু মেট্রোরেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে করেছি। বিশ্ব পরিস্থিতিতেও কিছু জটিলতা আছে। যেসব দেশ এসব প্রকল্পের সঙ্গে জড়িত তাদের সঙ্গে কনকারেজের বিষয়ে আছে। ঘাটে ঘাটে তাদের কনকারেজ নিতে হয়। বিশ্বের বর্তমান প্রেক্ষাপটে যন্ত্রপাতি আমদানিতে কিছু সমস্যা হয়। আমাদের অনাদর ও অনিচ্ছায় প্রকল্প দেরি হচ্ছে- এটা ঠিক নয়। প্রকল্পে অর্থায়নের জটিলতা নিয়ে তিনি বলেন, ফান্ডিংয়ে জটিলতা থাকলে কাজগুলো হচ্ছে কী করে?
রমজানে ঢাকায় যানজট নিয়ে মন্ত্রী বলেন, ইফতারের পরে তো যানজট থাকে না। রোজার মাসে কোনো কোনো সময়ে যানজট হয়। সব সময় থাকে না। যানজট নিরসনে আমাদের সকল পরিকল্পনা এখনও বাস্তবায়ন হয়নি। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু হওয়ায় সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে। আরও পাঁচটি মেট্রো লাইন বাকি আছে। দুটির কাজ চলমান। এগুলো সম্পন্ন হয়ে গেলে যানজট আরও ধীরে ধীরে যাবে।
পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী তেজগাঁও থেকে এফডিসি গেট সংলগ্ন ডাউন র্যাম্পে যান চলাচল উন্মুক্ত করেন। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিনুল্লাহ নূরী, সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।