বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪ ২২:২৮ পিএম
বাংলাদেশ শিশু একাডেমী প্রাঙ্গণে আয়োজিত শিশু উৎসবে খেলায় মেতেছে শিশুরা। প্রবা ফটো
পুরো প্রাঙ্গণে শিশুদের আঁকা ছবি, এক কোণে দেখানো হচ্ছে বায়স্কোপ, বিভিন্ন জায়গায় হচ্ছে সাপ লুডু, ক্রিকেট শো, এর মাঝ দিয়ে কতক্ষণ পরপর হেঁটে যাচ্ছে জোকাররা। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমী প্রাঙ্গণে আয়োজিত ‘শিশু উৎসবের’ চিত্র এটি।
বাংলাদেশের এনিমেশন প্রোডাকশন হাউজ আইটোন দ্বিতীয়বারের মতো আয়োজন করেছে এই উৎসবটির। উৎসবের সব আয়োজনই শিশুদের নিয়ে। শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের জন্মদিন উপলক্ষে শিশুদেরকে নিয়ে বিশেষ এই আয়োজন করা হয়। আয়োজনে দেখানো হয় ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নির্মিত এনিমেটেড চলচ্চিত্র ‘বল্টু ভূত’ এর বিশেষ প্রদর্শনী। শিশু একাডেমী মিলনায়তনে চলচ্চিত্রটির ৩টি শো প্রদর্শিত হয়।
এবারের শিশু মেলার অন্যতম আকর্ষণ প্রায় পাঁচ হাজার শিশুদের অংশগ্রহণ এবং তাদের আঁকা চিত্র প্রদর্শন। রাজধানীর মোহম্মদপুর এলাকার স্পন্দন স্কুলের ছাত্র মোঃ সানাউল্লাহ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এখানে এসে এত ছবি আঁকা, খেলাধুলা দেখে অনেক ভালো লাগছে। সবাই একসাথে দেখে আনন্দ হচ্ছে।’
আয়োজকরা জানান, ‘শিশুদের শৈশবে ফিরে নেওয়ার জন্যই এই চেষ্টা তাদের। শহরে শিশুরা গ্রামের শিশুদের মতো তেমন খেলার সুযোগ পায় না তাই শিশুদেরকে শৈশবের একটি ছোঁয়া দেওয়ার জন্য এসব বিনোদনের ব্যবস্থা রাখা হয়। রংতুলির মাধ্যমে আমরা দেখাচ্ছি যাতে বাচ্চারা আরও বেশি কালারফুল হয়, তাদের মাঝে রঙকে আরও বেশি ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই আয়োজন।’
আয়োজকদের একজন তনিমা আক্তার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘যেহেতু শিশু দিবস তাই আমরা শিশুদের নিয়ে নানান খেলার আয়োজন রাখা হয়েছে। শিশুদেরকে সকল আনন্দ দেওয়ার জন্য এই খেলার আয়োজন রাখা হয়েছে। খেলাধূলার মধ্যে ছিলো- সাপ লুডু খেলা, রঙ দিয়ে আঁকাআকি, বায়স্কোপ দেখা, জোকারের সাথে খেলাসহ আরও অনেক কিছু।’
তিনি আরও বলেন, ‘শিশুদের প্রতি ফরিদুর রেজা সাগরের ভালোবাসার কারণ তার জন্মদিনকে আমরা এভাবে স্মরণীয় করে রাখতে চাই। উনি নিজে একজন শিশুসুলভ দারুণ মনের মানুষ। বাচ্চাদের তাকে চেনা উচিত। তাই আমরা বাচ্চাদের কাছে তাকে পরিচয় করিয়ে দিচ্ছি। বাচ্চাদের বই পড়া দরকার যেটা বর্তমান সময়ে তেমন নাই। তাই তারা যাতে বই পড়ায় আগ্রহী হয় তার জন্য আমাদের এই আয়োজন।’