প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ০০:৫৭ এএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১১:২৮ এএম
তথ্য কমিশনের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রবা ফটো
তথ্য কমিশন বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) কমিশনের সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয়। প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে প্রধান তথ্য কমিশনার দাপ্তরিক কার্যসম্পাদনে শুদ্ধাচার চর্চা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, অফিস সরঞ্জামাদি, যানবাহন রক্ষণাবেক্ষণ প্রভৃতি বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ ছাড়া তিনি ভদ্র, মার্জিত ও রুচিসম্মত আচরণ এবং দায়িত্বের সঙ্গে দাপ্তরিক কার্য সম্পাদন করতে সবার প্রতি আহ্বান জানান।
তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক শিষ্টাচার, আদালত ও বিভিন্ন সভায় দাপ্তরিক সার্ভিস প্রদান, অফিসের গ্যাস, পানি ও বিদ্যুতের অপচয় রোধকল্পে করণীয় বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। তথ্য কমিশনার মাসুদা ভাট্টি দাপ্তরিক কার্যসম্পাদন এবং সার্ভিস প্রদান, পরিষ্কার-পরিচ্ছন্নতা, অফিস পরিবেশ উন্নয়ন ও অফিস নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। কমিশন সচিব জুবাইদা নাসরীন দাপ্তরিক নিয়মকানুন, পোশাক-পরিচ্ছদ ও শৃঙ্খলাবোধ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।
কর্মসূচিতে তথ্য কমিশনের ২৫ জন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।