প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৪৩ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪ ২১:২৫ পিএম
সংগৃহীত ছবি।
রাজধানীর কদমতলীর জুরাইন ঋষিপাড়া এলাকায় রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দুইজন দগ্ধ হয়েছেন। শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন- জুরাইন ঋষিপাড়া এলাকার শ্রী বিনা রানী দাস এবং তার দেবর শ্রী বনমালী দাস।
বনমালী দাস জানান, ‘আমরা কদমতলী জুরাইনে ঋষিপাড়া এলাকায় দোতলা বিল্ডিংয়ের নিচতলায় থাকি। সন্ধ্যার সময় আমার বৌদি রান্নাঘরে রান্না করার সময় গ্যাস লিকেজ থেকে হঠাৎ আগুন ধরে যায়। এতে আমার বৌদি দগ্ধ হয়। তাকে বাঁচাতে গিয়ে আমিও দগ্ধ হই।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, বিনা রানীর শরীরের ৫০ শতাংশ ও বনমালী দাসের শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।