প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৫৭ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৫৮ পিএম
ঢাকাস্থ নাটোর জেলা সমিতির ২০২৪-২০২৫ অর্থ বছরের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী নির্বাচনে ভোটগ্রহণ করা হবে আগামী ২৩ ফেব্রুয়ারি।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) নাটোর জেলা সমিতির প্রধান নির্বাচন কমিশনার মো. বজলুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে নির্বাচনের এই তারিখ জানানো হয়।
তফসিল অনুযায়ী, হাল নাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩ ফেব্রুয়ারি। মনোনয়ন বিতরণ করা হবে ৩ থেকে ৭ ফেব্রুয়ারি বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। মনোনয়ন ফরমের শুভেচ্ছা মূল্য নির্ধারণ করা হয়েছে দুই হাজার টাকা। মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা পর্যন্ত। মনোনয়ন ফরম যাচাই বাছইয়ের শেষ তারিখ ১১ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ ফেব্রুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৪ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ করা হবে ২৩ ফেব্রুয়ারি দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। একইদিন চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থীকে অবশ্যই সমিতির গঠনতন্ত্র অনুযায়ী সদস্য হতে হবে। সমিতির সব পাওনাদি পরিশোধ থাকতে হবে এবং এইমর্মে অর্থ সম্পাদকের কাছ থেকে বকোয়া পরিশোধের লিখিত ছাড়পত্র দাখিল করে নোমিনেশন/মনোনয়ন ফরম উত্তোলনের যোগ্য এবং বৈধ হিসেবে গণ্য করা হবে।