প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪ ০৯:২২ এএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪ ১০:৪৯ এএম
রাজধানীর তেজগাঁও কারওয়ানবাজার মোল্লাবাড়ী বস্তিতে অগ্নিকাণ্ড ঘটে। প্রবা ফটো
রাজধানীর তেজগাঁও কারওয়ানবাজার মোল্লাবাড়ী বস্তিতে অগ্নিকাণ্ডে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ আগুন লাগে।
নিহত দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ের ডিউটি অফিসার এরশাদ হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত ৩টার দিকে তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) সংলগ্ন মোল্লাবাড়ী বস্তিতে আগুন লাগার খবর পাই। পরে তেজগাঁও, মোহাম্মদপুর, সিদ্দিকবাজার ও মিরপুর ফায়ার স্টেশনের ১৩টি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ঘটনাস্থল থেকে এক নারী ও শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আহত এক নারী ও শিশুকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
এরশাদ হোসেন বলেন, নিহত নারীর নাম শারমিন বলে জানা গেলেও তার ছেলের নাম জানা যায়নি। লাশ দুটি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় রয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, কারওয়ানবাজার থেকে আমাদের এখানে দুজন এসেছেন। নাজমা বেগম (২৪ শতাংশ) দগ্ধ ও তার ছেলে নজরুল ইসলাম ধোঁয়ায় অসুস্থ হয়েছেন। তাদের দুজনকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে।